ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ৩:১৯ পূর্বাহ্ন

রাজশাহীতে নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে পুলিশের নিষেধাজ্ঞা

  • আপডেট: Sunday, February 8, 2026 - 10:07 pm

স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ও বিআরটিএ সংস্থাপন শাখার জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা হতে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত পর্যন্ত সকল ধরনের মোটরসাইকেল এবং ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা হতে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব বা কার, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আরএমপি সূত্রে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহন, রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল এ নিষেধাজ্ঞায় শিথিলযোগ্য থাকবে।

শিথিলযোগ্য অন্যান্য ক্ষেত্র হচ্ছে, আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহন তবে বিমানবন্দরে বা বিমানবন্দর হতে ফিরে আসার ক্ষেত্রে টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন করতে হবে।

এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি এবং রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্টের জন্য ১টি ছোট আকৃতির জিপ, কার, মাইক্রোবাস, নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারি অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচল, টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি হতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের যানবাহন, জাতীয় মহাসড়ক (ঐরমযধিুং), বন্দর ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সকল রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জনস্বার্থে জারিকৃত এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আরএমপি থেকে জানানো হয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় নৌযান চলাচলে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুসারে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববতী ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা হতে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা পর্যন্ত নিম্নোক্ত লঞ্চ, ইঞ্জিন বোট তথা নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে নির্বাচনী দয়িত্বে থাকা ব্যক্তি ও সংস্থার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এর মধ্যে রয়েছে, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্ট, পরিচয়পত্র ধারী দেশি ও বিদেশি পর্যবেক্ষক, পরিচয়পত্র ধারি নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কতিপয় জরুরি কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য, জরুরি পণ্য সরবাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে উল্লিখিত নৌ-যান চলাচলের ক্ষেত্রে। তাছাড়া ভোটার ও জনসাধারণের চলাচলের মাধ্যম হিসেবে নৌ-যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।