ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ১:২৪ পূর্বাহ্ন

বাগমারায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াত নেতার অর্থদণ্ড

  • আপডেট: Friday, February 6, 2026 - 9:49 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিকের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মামুনুর রশিদ নামে বিএনপির এক কর্মীকেও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করে অর্থদণ্ডের রায় কার্যকর করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা জানান, রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্বাচনি এলাকা গোয়ালকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সাজুড়িয়া এলাকায় জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের ছবি সম্বলিত দাঁড়িপাল্লা প্রতীকের একটি রঙ্গীন ফেস্টুন গাছে ঝুঁলিয়ে রাখা অবস্থায় দেখা যায়।

‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ এর বিধি লঙ্ঘনের অপরাধে ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিকের পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে রঙ্গিন ফেস্টুন খুলে ফেলা হয়। এছাড়া গাছে লোহার পেরেক দ্বারা বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার ধানের শীষ প্রতীকে পোস্টার সাঁটানোর দায়ে বিএনপি কর্মী মামুনুর রশিদেরও একই ধারায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মামুনুর রশিদ বাগমারা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।