ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

তানোরে বিএনপি কর্মীদের মারপিটে জামায়াত কর্মী আহত, থানায় মামলা

  • আপডেট: Friday, February 6, 2026 - 10:00 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিএনপি নেতাকর্মীদের মারপিটে জামায়াত কর্মী পিতা-পুত্র আহত হয়েছেন। এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত জামায়াতের কর্মী মাসিকুল ইসলাম (২৩) নামের এক ব্যক্তি বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার বাধাইড় ইউনিয়নের গাল্লা স্কুলপাড়া গ্রামে হামলা ও মারপিটের  ঘটনা ঘটে।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন মাসিকুল ইসলাম ও তার পিতা মফিজ উদ্দিন (৬২)। তাদের বাড়ি উপজেলার গাল্লা গ্রামে।

বৃহস্পতিবার জেলার গোদাগাড়ীতে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় যাবার প্রস্তুতিকালে একই এলাকার বিএনপি নেতা হাতেম আলী তার সহযোগী সাফিউল ইসলাম ও মোহাম্মাদ লিটন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচার চালাতে নিষেধ করে। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কোদালের হাতল ও লাঠিসোঠা দিয়ে পিতা-পুত্রের ওপর হামলা চালিয়ে বেধড়ক ভাবে মারপিট করে আহত করে। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে খবর পেয়ে আহতদের খোঁজ খবর নিতে গতকাল শুক্রবার তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। এসময় রাজশাহী জেলা জামায়াতের আমির আব্দুল খালেক, জামায়াতের জেলা শিক্ষা বিষয়ক সভাপতি ড. ওবাইদুল্লাহ, রাজশাহী জেলা পশ্চিম জামায়াতে সাবেক আমির মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান, সেক্রেটারি ডিএম আক্কাছ আলী, মুন্ডুমালা পৌর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসেন ছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ শহীদুজ্জামান বলেন, ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।