ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ১:২৩ পূর্বাহ্ন

জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ছাত্রশিবিরের: ডা. জাহাঙ্গীর

  • আপডেট: Friday, February 6, 2026 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগামী ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী মহানগরীর নায়েবে আমির অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, ১৯৭৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রশিবির অন্যায়, অপরাধ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় আগামীতেও এই সংগঠন তার ন্যায়-নিষ্ঠা বজায় রাখবে।

শুক্রবার সকালে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে নয়টায় নগরীর জাদুঘর মোড় থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে মাত্র ৬ জন তরুণের হাত ধরে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, আজ ৪৯ বছর পর তা বাংলাদেশের অন্যতম এক পরিণত ও আদর্শিক সংগঠনে রূপ নিয়েছে। ছাত্রশিবির এখন অসংখ্য অভিভাবকের স্বপ্নের জায়গা।

তিনি বলেন, ১৯৭৮ সালে আমরা প্রথম হামলার শিকার হই এবং ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহিদ সাব্বিরসহ চারজন শাহাদাত বরণ করেন। সেই থেকে শুরু করে সবশেষ শহিদ আল-আমিন পর্যন্ত অসংখ্য ভাই জীবন দিয়েছেন। শত জুলুম ও মামলা-হামলা দিয়েও এই কাফেলাকে স্তব্ধ করা যায়নি।

ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমরান নাজির বিগত সরকার ও রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, ২০২৪ সালের ২১ জুলাই যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই বিপ্লবের সাথে তাদের সম্পর্ক নেই, তখন ছাত্রশিবির প্রতিটি ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করতে বুক পেতে দিয়েছিল। জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্রশিবিরই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে।

তিনি আরও দাবি করেন, বিগত ১৭ বছর চরম জুলুমের মুখেও শিবিরের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি বলেন, এ পর্যন্ত সংগঠনের ২৩৪ জন ভাই শহিদ হয়েছেন। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলাম, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ।

বক্তারা আশা প্রকাশ করেন, ছাত্রশিবিরের সততা ও নৈতিকতার কারণে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়িয়েছে। আগামীতে যে সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ (ডাকসু, রাকসু ইত্যাদি) নির্বাচন হবে, সেখানে ছাত্রশিবির বিপুল বিজয় অর্জন করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। র‌্যালিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর শিবিরের অফিস সম্পাদক ডা. সাখওয়াত হোসেন, প্রকাশনা সম্পাদক নাজির হোসেন সুপ্ত, রাজশাহী কলেজ শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। র‌্যালি চলাকালে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজশাহীর রাজপথ।

চারঘাট
রাজশাহীর চারঘাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চারঘাট উপজেলা শাখার আয়োজনে চারঘাট মহিলা কলেজ গেট থেকে একটি র‌্যালি বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চারঘাট বাজারের চৌ-রাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাহিদ হাসান শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে দাঁড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি রুবেল আলী। এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানা, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ফরহাদ রেজা সহ ছাত্র শিবিরের নেতাকর্মী।

চাঁপাইনবাবগঞ্জ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টোলঘরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক মোহাইমিনুল ইসলাম, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি শফিক এনায়েতুল্লাহ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আব্দুর রহমান বর্তমান সভাপতি আব্দুল আজিজ এবং সেক্রেটারি ইউসুফ আল গালিব। এসময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।