ঢাকা | ফেব্রুয়ারী ৬, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ

  • আপডেট: Friday, February 6, 2026 - 9:45 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন দিন বাকী। নির্বাচনি প্রচারণার শেষ মুহূর্তে এসে প্রার্থীরা ছুঁটছেন পাড়া-মহল্লা ও গ্রামে-গ্রামে। কোনো কোনো আসনের প্রার্থীরা ইতিমধ্যেই তাদের নির্বাচনি ইশতেহারও ঘোষণা করেছেন। বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা ভোটারদের ভোট টানতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

রাজশাহী-৩:

পবা মোহনপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন নেতাকর্মীদের নিয়ে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মানুষের পাহারাদার। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন দেশের সার্বিক উন্নয়ন হয় এবং জনগণের সুখে শান্তিতে বসবাস করতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলন বলেন, দীর্ঘ ১৭ বছরে পবা-মোহনপুরে কোন উন্নয়ন হয়নি। প্রতিটি রাস্তাঘাট ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। এতে করে জনগণের চলাচল অত্যন্ত বিঘ্নিত হচ্ছে। সেই সাথে পরিবেশ নষ্ট হচ্ছে ধুলাবালিতে। তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাটগুলো পুনঃনির্মাণ, সংস্কার এবং নতুন করে রাস্তাঘাট করবেন বলে জানান।  এদিকে, একই আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদও গতকাল শুক্রবার নির্বাচনি কর্মসূচি পালন করেছেন। তিনিও ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন।

রাজশাহী-৬:

গতকাল শুক্রবার বাঘা পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ ধানের শীষের পক্ষে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি স্থানীয় ভোটারদের মুখে নানা সমস্যার কথা শোনার পর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সরকাররি সহায়তা-সহ মানুষের ভাগ্য উন্নয়নে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাঁর দেয়া প্রতিশ্রুতির ফুল ঝুরিতে আশায় বুক বেঁধেছেন স্থানীয় ভোটাররা। বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, প্রায় দেড় যুগ পর নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজনে সর্বত্রই চলছে উৎসবের আমেজ। কয়েক জায়গায় প্রতিপক্ষ প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সামান্য কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও অন্য যে কোনো সময়ের চেয়ে এবার নির্বাচনি পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ। অনেকেই বলছেন, এবার প্রার্থীদের পোস্টার না থাকায় পরিবেশও স্বাভাবিক। ভোটারদের টানতে প্রায় সকল প্রার্থীরাই উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রচারে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই বলছেন, এবার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির বন্যায় ভাসছে দেশ। কার্যত প্রার্থীদের প্রশ্রিুতির বন্যায় ভাসছেন  ভোটাররা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন আসনের প্রার্থীরা জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নানান প্রতিশ্রুতির ফুলঝুরি ফোটাচ্ছেন। এর ফলে প্রার্থী ও ভোটারদের মধ্যে প্রচার-প্রচারণায় সরগরম অবস্থা বিরাজমান।

এদিকে, গতকাল শুক্রবার থেকেই সারাদিনব্যাপী সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। এছাড়াও বিকেলে তিনি চারঘাট পৌরসভার ২ নং ওয়ার্ডে পুরুষ ও নারী ভোটারদের সাথে উঠান বৈঠক করেন। সেখানে দাঁড়িপাল্লার পক্ষে তিনি সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। অধ্যক্ষ নাজমুল হক বলেন, আমরা জনগণের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছি। আমরা চাই দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং পরিবর্তনের লক্ষ্যে জনমত গঠন করা হচ্ছে। তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষ উন্নয়ন ও দুর্নীতিরোধে পরিবর্তনের আশা করছে। তারা নির্বাচনি আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনামসজিদ দারসবাড়ি মাদরাসা মসজিদ প্রাঙ্গনে সর্ব শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে ড. কেরামত আলী এই ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমুখী শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন, আম ও কৃষি উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতির বিস্তার, পদ্মা নদীর ভাঙন রোধ প্রকল্প, প্রশাসনিক কাঠামো সংস্কার, সোনামসজিদ স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন শিল্পের প্রসার, শিক্ষা বিস্তার, নগরায়ন, শিল্পায়ন, সীমান্ত সুরক্ষা ও স্বার্বভৌমত্ব রক্ষা, সুশাসনের শিবগঞ্জ তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ মোট ২০টি বিষয়ের ওপরে ৯২ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি ।

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল সম্প্রসারণ ও চার লেন রাস্তা নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। গতকাল শুক্রবার বিকেলে জেলার রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামকে ধংস করার জন্য জামায়াত যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, রোজা ও পূজাকে তারা এক করে দিয়েছেন। জামায়াত ইসলামী ছোট দল দাবি করে তিনি বলেন, খালি কলস বাজে বেশি, পুটির মাছ লাফাই বেশি। নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপি এ জনসভার আয়োজন করে। নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলমসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ-২:

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গতকাল শুক্রবার দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নে গণসংযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম। তিনি প্রথমে নসিবন্দি নগর, অভিমান্যপুর, জাহিদ নগর, দোষিমনি কাঠাল, হাটখোলা, গোমস্তাপুর বাজার, ভেড়িবাজার নারী সমাবেশ করেন এরপর নয়াদিয়ারি, কয়লাদিয়ার, হোগলা, নেজুমোড়, বিশুক্ষেত্র ও নাচোল উপজেলার খোলসি বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং পরে তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসরাপ হোসেন আলিম, বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আহমদ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল রায়হান, সাবেক সভাপতি প্রফেসর আনোয়ার হোসেন প্রমুখ।