ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ১২:৩৬ পূর্বাহ্ন

রাজশাহীসহ তিন জেলায় দুর্ঘটনায়: রাবি ও স্কুল শিক্ষার্থীসহ নিহত ৫

  • আপডেট: Friday, February 6, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে মাহাদী হাসান মুরাদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, রাজশাহীর গোদাগাড়ীতে একটি ওয়াটার পার্কে বেড়াতে গিয়ে ওয়েভ পুলে নেমে এক স্কুলছাত্র, পাবনার চাটমোহরে রাস্তার ওপর পড়ে থাকা ভোটের লিফলেট কুড়াতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় আরাফাত হোসেন (৫) নামে এক শিশু এবং সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে।

লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে মাহাদী হাসান মুরাদ (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে আব্দুলপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাদী হাসান মুরাদ লালমনিরহাট জেলার শিবরাম এলাকার আব্দুল মালেকের ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও আব্দুলপুর রেলওয়ে জংশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে।

এসময় ট্রেন থেকে নেমে কিছু যাত্রীরা স্টেশনের পাশে দোকানে খাবার কিনতে যায়। ট্রেশনে ট্রেনটি প্রবেশের পর ট্রেনের ইঞ্জিনটি ঘোরানোর জন্য যাত্রীবাহী কোচ প্ল্যাটফর্মে রেখে ৩ নম্বর রেললাইনে দিয়ে ইঞ্জিনটি যাওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মাহাদী হাসান মুরাদ নামের এক রাবি শিক্ষার্থী। দুর্ঘটনা খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঈশ্বরদী  রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।

গোদাগাড়ী প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে একটি ওয়াটার পার্কে বেড়াতে গিয়ে ওয়েভ পুলে নেমে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগ্রাম এলাকায় অবস্থিত সাফিনা ওয়াটার পার্কে এ দুর্ঘটনা ঘটে। মৃত স্কুলছাত্রের নাম আবিদ আহানাফ সোয়াদ (১৫)। সে বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম আবু হাসিব সোহরাওয়ার্দী। সোয়াদ বগুড়া সদর থানার ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা রংপুর জেলার পীরগঞ্জ থানার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাফিনা ওয়াটার পার্কে যায়। দিনভর বিভিন্ন রাইড উপভোগের পর বিকালে কয়েকজন শিক্ষার্থী ওয়েভ পুলে নামে।

এ সময় আবিদ পানিতে লাফ দিলে নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। ঘটনাটি টের পেয়ে তার সহপাঠীরা চিৎকার শুরু করলে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ ও সঙ্গে থাকা শিক্ষকরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত গোদাগাড়ী উপজেলার প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহত শিক্ষার্থীর মরদেহ গোদাগাড়ী মডেল থানায় আনা হয়। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হয়েছে। তদন্ত শেষে যদি কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হয়, তবে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চাটমোহর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার চাটমোহরে রাস্তার ওপর পড়ে থাকা ভোটের লিফলেট কুড়াতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বারকোনা গ্রামে নানা আলেফ হোসেনের বাড়িতে বেড়াতে আসে আরাফাত। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় ব্যাটারিচালিত অটোতে করে একটি দলের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার চলছিল।

এ সময় ওই গাড়ি থেকে ফেলা লিফলেট রাস্তা থেকে কুড়াচ্ছিল আরাফাত। এ সময় রাস্তার অপরদিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় শিশুটির মাথা, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরে গুরুতর আহত অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি গোলাম সরওয়ার হোসেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় অটোভ্যান চালকসহ আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ভুইয়াগাঁতী-নিমগাছী আঞ্চলিক সড়কের খৈচালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই জেলার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে জালাল উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম। আহত ব্যক্তিদের মধ্যে অটোচালকসহ তিনজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ দুটি উদ্ধার ও দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।