ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ২:৫৭ পূর্বাহ্ন

প্রত্যেকের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে: মেজবা

  • আপডেট: Friday, February 6, 2026 - 9:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-০২ (সদর) আসনে লেবার পার্টির প্রার্থী মেজবাউল ইসলাম মেজবা বলেছেন, তিনি নির্বাচিত হলে নগরবাসির সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

শুক্রবার বিকেলে নগরীর নিউমার্কেটসহ আশেপাশের এলাকায় গণসংযোগকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী। তিনি বিজয়ী হলে শিক্ষা নগরী রাজশাহীতে মৌলিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করবেন। সেই সাথে নগরীর প্রত্যেক নাগরিকের সকল সুবিধা নিশ্চিত করা হবে।

রাজশাহী আইটি পার্ককে একটি বিশাল কর্মসংস্থান হাব হিসেবে পরিণত কর প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রায় ২ লাখ যুবকের কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করবেন। সেই সাথে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্রে স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং স্বাস্থ্য খাতের কমিশনভোগী সিন্ডিকেট নির্মূল করা হবে।

তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট থেকে কৃষি জীবিদের রক্ষা করে তাদের প্রাপ্য প্রতিদান নিশ্চিত করা হবে। নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে একটি সেল গঠন করে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের পদক্ষেপ নেয়া হবে। ক্রীড়া অঙ্গনে বিকশিত করার লক্ষ্যে সকল স্টেডিয়াম সংস্কার করে খেলোয়াড়দের অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের নিজেদের পরিচয় তুলে ধরার ব্যবস্থা করা হবে।

মেজবাউল ইসলাম মেজবা বলেন, শুধুমাত্র আম রপ্তানি নয়, আমজাত পণ্য (জ্যাম, জেলি, আচার, আমস্বত্ব ও জুস) তৈরিতে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে বিশ্বদরবারে তা রপ্তানির ব্যবস্থা করা হবে। রাজশাহীর রেশম শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ ও রেশম পণ্য রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের জন্য একটি ইউনিক পাটফর্ম তৈরি করা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের জন্য আবাসন /প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, নির্বাচিত হলে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে প্রতি দুইমাসে অন্তত একটি সভা আয়োজন করে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রমের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা ও প্রতিটি বিষয় জবাবদিহিতার আওতায় আনা হবে।

গণসংযোগ করার সময় তার সাথে জাহাঙ্গীর আলম, আশরাফ হোসেন, হাবিবুল ইসলাম, রফিকুল ইসলাম, শামসুজ্জোহা ও আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।