পোরশায় ভারতীয় ট্যাবলেট, গাঁজা ও মহিষসহ মাদক ব্যবসায়ী আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১৬ বিজিবি নিতপুর বিওপির টহল সদস্যরা।
আরআইবি, এসআইপি ও সিভিল সোর্সের দেয়া সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯/১৭ আর হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারঘাটি ব্রীজের ওপর থেকে দুইটি মোটরসাইকেলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এতে নেতৃত্ব দেন হাবিলদার মনিরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পুরিয়া গাঁজা, একটি পালসার মোটরসাইকেল ও একটি হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- নিতপুর গ্রামের আতাবুরের ছেলে সুমন (২২), বালাশহিদ গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইনতাজুল (৪০) ও গোপিনাথপুর গ্রামের ইজাজুলের ছেলে কাফি (৪০)। এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে এবং আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬বিজিবি নিতপুর বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব।
এদিকে, নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুটি মহিষ আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির টহলদল। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল ৬টায় উপজেলার নিতপুর টেকঠা এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলি আটক করা হয়।
এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এতে নেতৃত্ব দেন ১৬ ব্যাটালিয়নের নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মনিরুল ইসলাম। আটককৃত ভারতীয় মহিষগুলো পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নিতপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব।











