রাজশাহীর অধিকাংশ আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী অঞ্চলে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। রাজশাহীর ছয়টি আসনের পাশাপাশি এর আশপাশের আসনগুলোতে অন্যান্য দলের প্রার্থীরা থাকলেও ভোটাররা বলছেন, লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে।
রাজশাহী-১
রাজশাহী-১ আসনে বাধাইর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ঝুমারপাড়া থেকে শুরু হয় ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের নির্বাচনী গণসংযোগ। গ্রামের অলিগলি, উঠান আর পথঘাটে মানুষের চোখে ছিল আশা, আর কণ্ঠে ছিল পরিবর্তনের ডাক।
কারও হাতে হাত রেখে, কারও দুঃখ-কথা মন দিয়ে শুনে তিনি জানান দিলেন, এই লড়াই ক্ষমতার জন্য নয়, এই লড়াই মানুষের অধিকার আর মর্যাদার জন্য।
রাজশাহী-৩
গত মঙ্গলবার সকালে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আগামীর পররাষ্ট্র নীতি হবে চোখে চোখ রেখে কথা বলা। কারো কাছে মাথা নত নয় উল্লেখ করে মিলন আরো বলেন, পতিত সরকার ভারতের কাছে বাংলাদেশের সমস্ত কিছু বিসর্জন দিয়েছিল। যার ফলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে গিয়েছিল। বিএনপি তা করবে না। সবার সাথে বন্ধুত্ব থাকবে, কিন্তু প্রভুত্ব থাকবে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের এবং রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারেজ করবেন। মূল কারণ হচ্ছে ভারত পদ্মা নদীতে ফারাক্কা বাদ দিয়ে উত্তরাঞ্চলকে মরুকরণে পরিণত করেছে। এ অবস্থা থেকে উন্নয়নে খাল খনন করাসহ পদ্মা নদী ড্রেজিং করে পানি প্রবাহের ব্যবস্থা করা হবে।
এদিকে, রাজশাহীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দাড়িপাল্লার প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। গণসংযোগে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘আগামীতে বাংলাদেশ জুলাই সনদের ভিক্তিতে পরিচালিত হবে। গণভোট শুধুমাত্র একটি ভোট নয়- এটি বাংলাদেশের একশো বছরের ভবিষ্যৎ পরিবর্তনের ভোট ও দীর্ঘদিনের গোলামির শৃঙ্খল ভাঙার ভোট। তাই গণভোটে ‘হ্যাঁ’ আর দাড়িপাল্লা জিতলেই, জিতবে জনগণ।’ গত মঙ্গলবার সন্ধ্যায় নওহাটা কলেজ মোড়ে পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ দিন স্লোগানে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। ভোটের প্রচারণা গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আলী রায়হানের ছোট ভাই রানা ইসলাম। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, সংবিধান পরিবর্তন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই গণভোটের আয়োজন করা হয়েছে। অতীতে সংবিধান সংশোধনের মাধ্যমে দেশকে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করে রাখা হয়েছিল। এই গণভোট সেই শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম করবে।
রাজশাহী-৪
রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোটের চিত্র দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। মাঠপর্যায়ের বাস্তবতা, ভোটারদের সাড়া এবং পরিসংখ্যান বিশ্লেষণে রাজনৈতিক মহলের ধারণা-এবার বাগমারায় দাঁড়িপাল্লার একটি সুস্পষ্ট ও ভূমিধ্বস বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার সম্প্রতি এক ভিডিও বক্তব্যে বলেন, মানুষ অশান্তি চায় না, মানুষ শান্তি চায়। যেভাবে সাড়া পাচ্ছি, তাতে বাগমারায় দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না-ইনশাল্লাহ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নির্বাচনী আলোচনায় নতুন গতি আসে। ডা. আব্দুল বারীর এই আত্মবিশ্বাসকে নিছক রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন না স্থানীয় ভোটাররা। দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকায় তিনি এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। অসুস্থতা, দুর্যোগ কিংবা জরুরি মুহূর্তে সরাসরি পাশে পাওয়া এই চিকিৎসককে এবার সংসদে পাঠাতে চান-এমন মনোভাব স্পষ্ট হয়ে উঠছে শহর ও গ্রাম উভয় এলাকাতেই।
রাজশাহী-৫
রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর সাথে মতবিনিময় শেষে স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা ও দুর্গাপুর-পুঠিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য বাংলাদেশের প্রাণ-প্রকৃতি ও পরিবেশে বায়ু দূষণ, কঠিন বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও নিষ্কাশন, জলাশয় ধ্বংসকারী ভরল বর্জ্যের নিষ্কাশন, নদনদীর অবক্ষয় ও দখল, জলাবদ্ধতার নিরসন, উপকূল রক্ষা, ভারতের কাছ থেকে নদ-নদীর ন্যায্য হিস্যা আদায়, তিস্তা রক্ষায় দেশীয় পরিকল্পনা গ্রহণ, নবায়নযোগ্য জ্বালানী, বনাঞ্চল রক্ষা, পরিকল্পিত নগরায়ন ও যানজটসহ বিভিন্ন সমস্যা ক্রমেই বাড়ছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ুঝুঁকি কমাতে না পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রা চরমভাবে বাধাগ্রস্ত হবে। তৃনমূলের প্রস্তাবনা ও সুপারিশ সম্মেলনের মাধ্যমে যৌথভাবে এসব তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। আর এসব সমস্যা সমাধানে সারাদেশে রাজনৈতিক দলের দলীয় নির্বাচনী ইশতেহারে এবং প্রার্থীদের এলাকার জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত বিষয়সমূহ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তিকরণের আহ্বান জানানো হয়েছে।
রাজশাহী-৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, বাংলাদেশের প্রধানতম সমস্যা দুর্নীতি আর দুর্নীতির কারণে এ দেশ পিছিয়ে আছে। বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচিত হলে প্রথমে এই দেশ দুর্নীতি বন্ধ করবে। ইনশাল্লাহ। গতকাল বুধবার বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ধর্মহাটা গ্রামের আয়োজিত এক নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ নাজমুল হক বলেন, জামায়াত ইসলামী নিজে সংগঠন হিসেবে দুর্নীতিমুক্ত এবং ক্ষমতায় গেলে এদেশকে দুর্নীতিমুক্ত করবে। ইনশাল্লাহ। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচিত হলে এ দেশের তরুণ যুবক শিক্ষিত যারা তাদেরকে বেকার ভাতা নয় সম্মান জনক কাজ তুলে দিতে চাই। যাতে করে তারা সমাজে মাথা উঁচু করে সম্মান জনক ভাবে জীবন পরিচালনা করতে পারেন।
চাঁপাইনবাবগঞ্জ-২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক ইয়াহিয়া খালেদ। ইশতেহার ঘোষণাকালে ডক্টর মিজানুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাবনা-৪
ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, বিমান বন্দর চালু, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন চমক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। গতকাল বুধবার দুপুরে পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা তারবিয়াত সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির নুরুজ্জামান প্রামানিক, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির নকিবুল্লাহসহ অনেকে।











