ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ার সাবেক মেয়র মামুন খাঁনকে শোকজ নোটিশ

  • আপডেট: Thursday, February 5, 2026 - 1:29 am

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সদস্য আল মামুন খাঁনকে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে রাজশাহী জেলা বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

গতকাল বুধবার রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত এক চিঠিতে পুঠিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খাঁনকে এই নোটিশ দেয়া হয়৷

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে কাজ না করে তিনি দলের বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ফুটবল মার্কা প্রতীকের ওই প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অডিও ও ভিডিও প্রমাণ জেলা কমিটির হাতে রয়েছে বলেও চিঠিতে দাবি করা হয়।

নোটিশে আরও বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ করার কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই মর্মে চিঠি প্রাপ্তির দুই দিনের মধ্যে সঠিক ও সন্তোষজনক জবাব দিতে হবে। অন্যথায় দলের গঠনতন্ত্র অনুযায়ী আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের আপস নেই। আমরা সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিষয়টি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।

তবে শোকজ নোটিশ পাওয়ার বিষয়ে আল মামুন খাঁনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি৷ রাজশাহী-৫ আসনে নির্বাচনের ঠিক আগমুহূর্তে বিএনপির অভ্যন্তরীণ এই কোন্দল ও শোকজ নোটিশের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।