পাবনা-৪ আসনে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর পদত্যাগ
পাবনা প্রতিনিধি: পাবনা-৪ আসনে (ঈশ্বরদী আটঘরিয়া) বিএনপি দলীয় প্রার্থীর উপর অনাস্থা এনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুকে সমর্থন করে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছে।
বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা সদরের রেলগেট এলাকায় সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগকারী নেতৃবৃন্দ। পদত্যাগকারী নেতৃবৃন্দের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল পারভেজ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তারা বলেন, বিগত আওয়ামী সরকারের শাসন আমনে রাজপথে অংশ গ্রহণ করেছিল জাকারিয়া পিন্টু।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঈশ্বরদী ও আটঘরিয়ার তৃণমূল নেতা কর্মীদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছে। হাবিব আওয়ামী লীগ করতেন এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক নাই। বর্তমানে হাবিবুর রহমান হাবিবের অত্যাচারে দল করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আমরা দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের ৮ জন, ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক দলের ৫ জন, ঈশ্বরদী পৌর সেচ্ছাসেবক দলের ১৮জন, ঈশ্বরদী ইউনিয়ন ও ওয়ার্ড সেচ্ছাসেবক দলের ৩০ জন ও ঈশ্বরদী ছাত্রদলের ৩ জন পদত্যাগ করেন।











