ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ৯:৩৯ পূর্বাহ্ন

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

  • আপডেট: Thursday, February 5, 2026 - 1:17 am

স্টাফ রিপোর্টার: বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে সরকারি কর্মচারীরা স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক কর্মসূচি পালন করেছেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত সারাদেশব্যাপী তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শেষ দিনে গত মঙ্গলবার আন্দোলনরত কর্মচারীরা জেলা প্রশাসক আফিয়া আখতার এর কাছে স্মারকলিপি প্রদান করেন। এই কর্মসূচিতে রাজশাহী কালেক্টরেট ক্লাবের সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি অধিদপ্তরের বিপুলসংখ্যক কর্মচারী অংশ নেন।

আন্দোলনরত কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। এ দাবির প্রেক্ষিতে সরকার পে-কমিশন গঠন করলেও কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা পড়ার পরও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

কর্মচারীদের অভিযোগ, গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। এরপরও দাবি আদায় না হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘ভুখা মিছিল’ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।