৫ ফেব্রুয়ারির জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি ১১ দলের
পার্শ্ববর্তী জেলাগুলোতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা
স্টাফ রিপোর্টার: আগামী ৫ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে উত্তরের রাজনীতি।
এই জনসভাকে সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঐতিহাসিক মাদ্রাসা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জোটের মহানগর নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতৃবৃন্দ জানান, জনসভার যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মাঠের মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং প্রচার-প্রচারণার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ, আগামীকাল বুধবারের মধ্যেই জনসভার সকল কারিগরি ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হবে। জনসভাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
নারী কর্মীদের অংশগ্রহণ ও বিশাল জনসমাগম:
সংবাদ সম্মেলনে নেতারা জনসভার বিশালত্বের ওপর জোর দিয়ে বলেন, এবারের নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ডসংখ্যক উপস্থিতি থাকবে। তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করবে যে দেশের মানুষ ১১ দলীয় জোটের নীতি ও আদর্শের ওপর আস্থাশীল। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জোটের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আমরা রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা মাঠে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর জনসভা উপহার দিতে চাই। শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনসভাকে সফল করতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় রাজশাহী মহানগরী জামায়াতের নায়েব আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মন্ডল, এনপিপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় জোটের রাজশাহী মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ রবিদাস











