ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে উন্নয়ন ও মানবিক সহায়তা, সুষ্ঠু ভোটের প্রস্তুতি

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 12:27 am

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একদিনে ভোটগ্রহণ প্রস্তুতি, উন্নয়ন কার্যক্রম এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়ে উপজেলার প্রশাসনিক কার্যক্রম নজর কাড়েছে।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার নাঈমুল হাছান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মোশারফ, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান বাসির এবং সহকারী পুলিশ সুপার মীর্জা আব্দুস ছালাম। প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, ভোট গ্রহণ প্রক্রিয়া, ব্যালট পেপার ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, অনিয়ম প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বপরায়ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগ করতে হবে।

একইদিনে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উচ্চতর সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। তিনি আরো বলেন, কারিগরি প্রশিক্ষণ ও উপকরণ সরবরাহ আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ড এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তার চেক এবং ঢেউটিন বিতরণ করেছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং জানান, এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়ক হবে।