ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে জীবনের নিরাপত্তা চেয়ে এবি পার্টির প্রার্থীর আবেদন

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসনের আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।

গত রোববার তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেছেন। আবেদনে সাঈদ নোমান নিজের দল ও নির্বাচনি প্রতীকের পরিচয় তুলে ধরে দাবি করেন, একাত্তরের পর রাজশাহীতে তিনিই সবচেয়ে তরুণ প্রার্থী। তরুণ প্রার্থী হিসেবে তিনি তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং নির্বাচনি মাঠে তাঁর অবস্থান শক্ত হয়েছে বলেও উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রতিদ্বন্দ্বিরা তাঁকে নির্বাচন থেকে সরাতে ষড়যন্ত্র করছে। তাঁকে এবং তাঁর দলের নেতাকর্মীদের ওপর হামলার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। শহিদ ওসমান হাদীর মতো তাঁকেও নির্বাচনি মাঠ থেকে সরানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

আবেদনে সাঈদ নোমান জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বিঘ্নে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাতে প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। কার কাছ থেকে কী ধরনের হুমকি পাচ্ছেন -এ বিষয়ে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তাঁর ভাষ্য, কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটার পরই বিষয়টি স্পষ্ট হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, এবি পার্টির প্রার্থীর কাছ থেকে নিরাপত্তা-সংক্রান্ত একটি আবেদন পাওয়া গেছে। সেটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হবে। পাশাপাশি নির্দিষ্ট হুমকির তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়া হয়েছে।