ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

প্রার্থীরা চাইলে নির্বাচন শান্তিপূর্ণ হবে: রিটার্নিং কর্মকর্তা

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 12:44 am

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন প্রস্তুত আছে উল্লেখ করে প্রার্থীরা চাইলে নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারাই পারবে নির্বাচনকে সুষ্ঠু করতে।

গতকাল সোমবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের শিবগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগের তিন নির্বাচন সর্ম্পকে কথা প্রয়োজন নেই উল্লেখ করে তিনি আরও বলেন, এ নির্বাচন ব্যর্থ হতে দেয়া যাবে না। রাষ্ট্রের কাছে অঙ্গীকারবদ্ধ। ২০২৬ সালের মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, আগামী ৩২ ও ৩৬ সালের নির্বাচন আসলে এই নির্বাচন নিয়ে গর্ববোধ করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন তুলে আনতে সক্ষম হবে দক্ষ প্রিজাইডিং অফিসাররা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজসহ সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।