পাল্টাপাল্টি বক্তব্যে জমজমাট প্রচারণা
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর ছয়টি আসনসহ এর আশপাশের বিভিন্ন আসনে জমে উঠেছে ভোটের মাঠ। বিএনপি-জামায়াত প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা তৈরি হলেও তা কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে এখনো মাঠ পর্যায়ে ভোটের আমেজ উৎসবের মতোই লক্ষ্য করা যাচ্ছে।
রাজশাহী-১
রাজশাহীর তানোর পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল এক গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে তানোর উপজেলা পরিষদ ডাক বাংলো থেকে মিছিলটি শুরু হয়ে গোল্লাপাড়া বাজার ঘুরে থানা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লার সভাপতি তানোর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আব্দুল মালেক ও রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অব. শরিফ উদ্দিনের পুত্র অ্যামেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার অথয় জয় শরিফ।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় পাকড়ী কাউন্সিল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। পাকড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেক।
রাজশাহী-৩
গতকাল সোমবার পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নে নির্বাচনি সংযোগ করার সময় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেন, জামায়াত সম্পূর্ণভাবে নারী বিদ্বেষী একটি দল। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই দলে কোন প্রকার নারী প্রার্থী নাই। কারণ তারা নারীদেরকে সর্বদা গৃহবন্দি করে রাখতে চায় এবং নারীদেরকে পণ্য মনে করে। এই দল কখনো ক্ষমতায় আসলে আফগানিস্তানে নারীদের যে অবস্থা সে অবস্থার সৃষ্টি করবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিতে ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ১২ই ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একজন জনপ্রতিনিধি বাছাইয়ের বিষয় নয়; এটি ন্যায় ও অন্যায়, সত্য ও মিথ্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর গণভোটে হ্যাঁ জিতলেই, জিতবে জনগণ। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত মোহনপুর উপজেলার শ্যামপুর হাট ও কেশরহাট বাজারে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রাজশাহী-৬
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, আমরা যদি নির্বাচিত হই, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে জামায়াতে ইসলামী। যেখানে বৈষম্য দূর হবে, এদেশের সকল শ্রেণির পেশার ধর্ম, বর্ণের মানুষের সম্মানিত নাগরিক সমান অধিকার পাবে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এদিকে, রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হবে। স্বল্প সুদে ঋণ দেয়া হবে, তা দিয়ে আপনারা কুটির শিল্প, আমের জুস ফ্যাক্টরিসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন। গতকাল সোমবার সকালে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দিনব্যাপী নির্বাচনি গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।
অন্যদিকে, বিএনপির যুক্তরাজ্য মানবধিকার বিষয়ক সম্পাদক বাঘার কৃতী সন্তান ব্যারিস্টার হোসেন শহীদ সামসুজ্জোহা বলেছেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের জন্য অনেক নারীকে মনোনয়ন দিয়েছে। অথচ ওই দল জাতীয় সংসদে নির্বাচনের জন্য কোনো নারীকে মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডেই বোঝা যায় তারা এ দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদের অগ্রগতি, প্রগতি, সমৃদ্ধি ও মর্যাদা দিতে চায় না। এগুলো হলো মধ্যযুগীয় ভাবনা। গতকাল সোমবার বাঘা পৌর এলাকার নারায়নপুর ইউনাইটেড ক্লাব মাঠে বাঘা পৌর বিএনপির ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নওগাঁ-৩
এই আসনে বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, একটি গুপ্ত দল রয়েছে যারা অতিতেও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বর্তমানেও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কখনও আমেরিকা, কখনও ভারত, আবার কখনও পাকিস্তানের স্বার্থে কাজ করে। তবে জাতীয়তাবাদী দল বিএনপি শুধু বাংলাদেশের পক্ষে রাজনীতি করে কারণ সবার উপরে বাংলাদেশ। গত রোববার সন্ধ্যায় বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল ইসলামসহ অন্যান্যরা।











