ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

নিরাপদ খাদ্য বিষয়ে কুইজ প্রতিযোগিতা

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 12:19 am

স্টাফ রিপোর্টার: নিরাপদ খাদ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার বিষয়ে প্রাথমিক ধারণা তৈরির লক্ষে রাজশাহীতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর যৌথ আয়োজনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ভেন্যু ছিল রিভার ভিউ কালেক্টরেট স্কুল। এই কুইজ প্রতিযোগিতায় রিভার ভিউ কালেক্টরেট স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির মোট ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় নিরাপদ খাদ্য, খাদ্যে ভেজাল, স্বাস্থ্যঝুঁকি, খাদ্য সংরক্ষণ ও ভোক্তার করণীয় বিষয়ে নানা প্রশ্ন উপস্থাপন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা শেষে দশজন বিজয়ী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে অতিথিবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দেন।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রিভার ভিউ কালেক্টরেট স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিজওয়ান আহমেদ। দ্বিতীয় স্থান অর্জন করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অর্নিলা মাহমুদ এবং তৃতীয় স্থান অর্জন করেন দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ এবং সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।