ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ২:১৮ অপরাহ্ন

নিয়ামতপুরে ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 12:23 am

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে আরিফুল ইসলাম নামের এক ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছেন। গত রোববার বিকালে নিয়ামতপুর প্রেসক্লাবের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরিফুল তার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি উপজেলা সদরের চৌধুরীপাড়ার বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, উপজেলার নিমদীঘি মৌজার একটি পুকুর লিজ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে মাছচাষ করে আসছেন। মাছচাষের জন্য প্রয়োজনীয় উপকরণ ও মাছের খাবার সংরক্ষণের জন্য তিনি পুকুরপাড়ে একটি ঘরও নির্মাণ করেন। ওই ঘরে প্রায় ৪ লাখ টাকার মাছের খাবার সংরক্ষিত ছিল।

তিন বলেন, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে কিছু দুষ্কৃতকারী ও তার প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে তার পুকুরপাড়ে থাকা ঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। মাছ চাষে নিয়োজিত পাহারাদাররা এতে বাধা দিতে গেলে তাদের আটকে রেখে ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা মাছের খাবারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় তিনি নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে উল্লেখ করেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুষ্কৃতকারীদের এ হামলায় আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তার দাবি।

তিনি বলেন, বর্তমানে প্রতিপক্ষরা তাকে পুকুরটি ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদান করছে। পুকুর ছেড়ে না দিলে আরো বড় ধরনের ক্ষতি করার হুমকিও দিচ্ছে তারা। এমন ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

ভুক্তভোগী আরও বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং ইতোমধ্যে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবী, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক। এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।