রাজশাহীতে জামায়াত কর্মী হত্যার প্রধান আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জামায়াত কর্মীকে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরের দিকে রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে আরএমপির রাজপাড়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার গাজিউর রহমান জানান, বুধবার সন্ধ্যার দিকে পূর্ববিরোধের জের ধরে আসামি রিপনসহ তার সহযোগীরা রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকায় ছুরিকাঘাতে হত্যা করে ওমর ফারুক ওরফে শান্তকে (২৪)। শান্ত জামায়াতের কর্মী বলে এলাকাবাসী জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় বুধবার রাতে রিপনসহ তিনজনকে আসামি করে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা হয়। শান্ত হত্যা মামলার প্রধান আসামি রিপনকে (৪৩) বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়। আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
হত্যাকাণ্ডের কারণ হিসেবে পুলিশ জানায়, রিপনসহ আসামিরা সুদের কারবার করেন। এ নিয়ে নিহত শান্তর সঙ্গে আসামিদের পূর্ববিরোধ ছিল। অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।











