থানায় অভিযোগ দেয়ায় যুবককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে থানায় অভিযোগ করাকে কেন্দ্র করে এক যুবককে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবক নিজের নিরাপত্তা চেয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকির শিকার ওই যুবকের নাম সাহাবুল সরকার টুটুল (৪৪)। সে নগরীর রাজপাড়া এলাকার মৃত জামাল উদ্দীন সরকারের ছেলে।
থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা গেছে, সাহাবুল সরকার টুটুল শহরের হেমেতখাঁ এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে মো: হাসান (৫০) ও আব্দুস সালামকে (৫৩) বিবাদী করে গত ২৮ আগস্ট বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনার তদন্তে গেলে বিবাদীরা অভিযোগকারী টুটুলের ওপরে ক্ষিপ্ত হয়ে উঠেন।
এর পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় শহরের লক্ষ্নীপুর মোড় এলাকায় টুটুলের পথ রোধ করে দাঁড়ান মো: হাসান ও আব্দুস সালাম। থানায় অভিযোগ দেয়া কারণে এসময় তারা টুটুলকে প্রাণ নাশের হুমকি দেন এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ৫৫৮) করেছেন সাহাবুল সরকার টুটুল। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।











