নওহাটায় নদী থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার নওহাটায় বারনই নদী থেকে এক ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ভ্যানচালকের নাম আলতাফ হোসেন (৪৫)। তার বাড়ি নওহাটার বাগসারা নওদাপাড়া গ্রামে।
সোমবার সকালে বারনই নদীতে আলতাফের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, আলতাফের লাশ যেখানে পড়ে ছিল সেখান থেকে প্রায় ১০০ গজ দূরে তার ভ্যানটি পাওয়া গেছে। আলতাফের মৃত্যু কীভাবে হয়েছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। তারপরও পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।










